এবার স্বপ্ন যাবে না বাড়ি
——–✍🏻 বিপ্লব হোসেন
প্রিয়তমা,
চিঠিটা লিখছি এক রাতের টহল শেষে।
চারদিকে ঘুটঘুটে অন্ধকার, দূরে পাহাড়ের গা বেয়ে নামছে কুয়াশা।
আর আমি বসে আছি সীমান্তের পাথুরে মাটিতে, হাতে আছে তোমার দেওয়া পুরনো রোমালটা।
এখনও ওটার গন্ধে তোমার অস্তিত্ব খুঁজে পাই,
যেন তুমি আছো আমার পাশেই,
নিঃশব্দে বলছো “ফিরে এসো, এবারের ঈদটা একসাথে করি।”
কিন্তু জানো?
এবারও হয়তো পারব না ফিরতে,
কারণ দেশের পাহারার চেয়ে বড় দায়িত্ব আর কিছু নেই আমার কাছে।
যে মাটিতে তুমি, আমাদের সন্তান, আমাদের প্রিয় মানুষগুলো নিরাপদে ঘুমাও,
সেই মাটির প্রতিটি কণার দাম আমার নিঃশ্বাসের চেয়েও বেশি।
আজ ঈদের চাঁদ উঠেছে, শুনলাম তোমরা সবাই নতুন পোশাক কিনেছো,
কিন্তু আমার সেই একই পোশাক।
ছেলেটা কি এখন আমার মতো দাঁড়িয়ে আয়নায় স্যালুট প্র্যাকটিস করে?
ওকে বলো, বাবা তার জন্য নতুন পিস্তল না, নতুন একটি প্রার্থনা করেছে আল্লাহর কাছে,
যেন সে বড় হয়ে শুধু নিজের নয়, দেশের কথাও ভাবে।
প্রিয়তমা,
আমি জানি আজ তোমার চোখেও জল আছে।
তুমি হয়তো রান্নাঘরে আমার প্রিয় খাবারগুলো রান্না করছো,
আর চুপিচুপি আমার থালা আলাদা করে রেখেছো
যেন আমি হঠাৎ ফিরে এসেই খেতে পারি।
কিন্তু জানো! এবারও আমার থালাটা খালি থাকবে।
তোমার প্রতীক্ষার বারান্দায় আবারও নিঃসঙ্গ হাওয়া বয়ে যাবে।
আমার আম্মা কেমন আছে?
তিনি কি এখনও ঈদের সকালে আমার জন্য দোয়া করেন,
যেভাবে প্রতিবার করেন!
“হে আল্লাহ, আমার ছেলেটার বুকে যেন গুলি না লাগে”
আর বাবা? তিনি কি এখনও সবার সামনে শক্ত থেকে একা একা লুকিয়ে কেঁদে ফেলেন?
জানো প্রিয়,
আমাদের এই পোশাকটার রঙে শুধু জল নয়, রক্তও লেগে থাকে।
এখানে ঈদের নামাজ ঈদগাহে হয় না,
হয় বালির ওপরে, খোলা আকাশের নিচে।
দু’হাত তুলি শুধু দোয়ার জন্য
“হে আল্লাহ, আমার প্রিয়জনদের তুমি নিরাপদে রাখো।”
তুমি কষ্ট পেয়ো না, আমার ফুলের মতো সন্তানটাকে জড়িয়ে রেখো বুকে।
ওর কপালে আমার হয়ে একটা চুমু দিও।
বলবে, “তোমার বাবা আজও দেশের সীমানা পাহারায় আছে,
যেন তুমি ভয় ছাড়া হাসতে পারো খেলতে পারো
আর নিশ্চিন্তে ঘুমাতে পারো।”
আমি আসব একদিন, হয়তো খুব ক্লান্ত হয়ে,
হয়তো শরীরে আর ঈদের পোশাক পরার শক্তিও থাকবে না।
কিন্তু আসব ইনশাআল্লাহ
শুধু একটিবার তোমার কোলের শান্তিতে হারিয়ে যেতে।
বাবার বুকের ছায়ায় আশ্রয় নিতে,
মায়ের আঁচলে নিশ্চিন্তে ঘুমাতে।
ততদিন পর্যন্ত আমার জন্য দোয়া রেখো,
এই চিঠিটা বালিশের নিচে রাখো,
আর রাতে ঘুম ভেঙে গেলে জানালার দিকে তাকিয়ে
ভাববে, আমি ঠিক ওদিকেই দাঁড়িয়ে আছি,
তোমাদের পাহারা দিচ্ছি,
আমার প্রাণ দিয়ে।
ইতি
তোমার অপেক্ষার সৈনিক।