সড়ক দুর্ঘটনা কমাতে বিভিন্ন এলাকায় নির্মাণ করা হচ্ছে স্পীড ব্রেকার। তবে অনেক জায়গায় নিয়ম না মেনে ও পরিকল্পনাহীনভাবে তৈরি হওয়া এসব স্পীড ব্রেকার এখন জনদুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। কোথাও অতিরিক্ত উঁচু, আবার কোথাও কোনো ধরনের সতর্কতামূলক চিহ্ন বা সাইনবোর্ড ছাড়াই নির্মাণ করা হচ্ছে, ফলে প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছেন চালক ও যাত্রীরা।
বিশেষ করে রাতে স্পীড ব্রেকার সহজে চোখে না পড়ায় মোটরসাইকেল, অটোরিকশাসহ ছোট যানবাহনের দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। অনেক সময় হঠাৎ ব্রেক কষতে গিয়ে ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনাও। এছাড়া রোগীবাহী অ্যাম্বুলেন্স, পণ্যবাহী ট্রাক ও গণপরিবহন চলাচলেও তৈরি হচ্ছে বড় ধরনের প্রতিবন্ধকতা।
স্থানীয়দের মতে, সড়ক নিরাপত্তার নামে যত্রতত্র স্পীড ব্রেকার নির্মাণ না করে নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা প্রয়োজন। পাশাপাশি প্রতিটি স্পীড ব্রেকারে দৃশ্যমান রং, প্রতিফলক ও সতর্ক সংকেত নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।
সচেতন মহলের দাবি, অপরিকল্পিত স্পীড ব্রেকার যান চলাচল ধীর করার পরিবর্তে উল্টো নতুন দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। তাই জনস্বার্থে দ্রুত বিষয়টি পর্যালোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।