অপ্রাপ্তির অলিন্দে
বিপ্লব হোসেন
আমি আজন্মকাল সুখী
এই ভেবে যে,
তোমাকে মনের অলিন্দে সাজানোর অধিকার না পেলেও,
কবিতায়, গল্পে, ছন্দে হলেও সাজাতে পেরেছি; এটুকুই বা কম কীসে বলো?
জানো তো?
দিকভ্রান্ত মাঝি ঝড়ের তোড়ে পড়ে
ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেয়।
আমিও ঠিক তুমুল ঢেউয়ে হারিয়ে যাওয়া এক পরিশ্রান্ত মাঝি,
তবুও হালটা ধরে আছি শক্ত করে
কূল পাবার আশায় নয়,
শুধু তোমাকে কূলে ভিড়িয়ে দেবো বলে।
প্রাপ্তির খাতা শূন্য হলেও হৃদয়ের সিন্দুকে তোমার বসবাস অমলিন,
না পাওয়ার দহনটুকু আজ আমার শ্রেষ্ঠ অলংকার।
অগোচরে তোমার হাসিটুকু দেখার মোহ আমাকে তাড়া করে বেড়ায়,
যদিও জানি, সে হাসির ভাগিদার অন্য কেউ, অন্য কোনো গল্প।
আমি এক নিঃসঙ্গ প্রেমিক
যে নিজের যন্ত্রণাকে উপহার ভেবে আগলে রাখি।
কবিতার ক্যানভাসে তোমায় আঁকি, যেন তুমি অবিনশ্বর থাকো আমার স্মৃতির পাণ্ডুলিপিতে।
হয়তো এই জন্মে আমাদের সমান্তরাল পথ কোথাও মিশবে না,
তবুও স্মৃতির ধুলোবালি মেখে আমি তোমাকেই খুঁজে ফিরি।
আমার অপূর্ণতাগুলো আজ তোমার পূর্ণতায় উৎসর্গ করলাম,
বিচ্ছেদের এই নীল বিষটুকু পান করেই আমি যমানিকা টানতে চাই।
যদি কোনোদিন মহাকালের স্রোতে আমাদের আবার দেখা হয়,
তবে চিনে নিও সেই আমিকে,
যে নিজের নৌকা ডুবিয়ে তোমায় কূলের ঠিকানা দিয়েছিল।
এই আক্ষেপটুকু না হয় থাক,
এটাই তো আমার একান্ত নিজস্ব সম্পদ।
ভালোবাসা মানে তো শুধু পাওয়া নয়,
অপ্রাপ্তির অলিন্দে যত্নে রাখা
বিষাক্ত চিরকুট।