যশোর:- যশোরের অভয়নগর উপজেলার ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ এপ্রিল শনিবার সকাল ১১ টায় নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটরিয়ামে জোটের সদস্য সচিব অধ্যক্ষ আব্দুল লতিফের সঞ্চালনায় এবং জোটের সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল মতলব সর্দারের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কৃষিজমি ব্যবস্থাপনার বর্তমান অবস্থা এবং আগামী জলাবদ্ধতা মোকাবেলায় আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আঞ্চলিক সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, ভবদহ পানি কমিটির সদস্য আখতারুজ্জামান তরফদার, সাবেক চেয়ারম্যান ও প্রধান শিক্ষক বিএনপি নেতা ফিরোজ আলম, ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের সদস্য আবু মহসিন সহ আরও অনেকেই।
আলোচনায় বক্তারা বলেন ভবদহের স্থায়ী জলাবদ্ধতা দূরীকরণে নদী ক্ষনণের পাশাপাশি টি আর এম প্রকল্প চালু না করলে এর স্থায়ী সমাধান অসম্ভব।
আগামী বর্ষা মৌসুমকে সামনে রেখে আতঙ্কিত অভয়নগর, মনিরামপুর, কেশবপুর ও ডুমুরিয়া অঞ্চলের লক্ষাধিক মানুষ।
বক্তারা বলেন, সেনাবাহিনীর অধীনে নদী খনন কাজে নদীতে আড়াআড়ি তিনটি বাদ দিয়ে তারা নদীখনন করছেন ফলে পানি নিষ্কাশনের বা পানি প্রবাহের কোন সুযোগ নাই। এর ফলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
১৪০ কোটি টাকা বরাদ্দে পাঁচটি নদী খননকার্য ২০২৬ সালের জুলাই মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা থাকলেও কাজের তেমন অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না বলে বক্তারা জানান।
নদীর উপর ক্রস বাদ দেওয়ায় আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করার আশঙ্কা রয়েছে বলে ধারণা করছে এলাকাবাসী।
মত বিনিময় অনুষ্ঠানে বক্তারা আরো বলেন টি আর এম প্রকল্প বাস্তবায়ন করতে হবে, নদীক্ষনণের পাশাপাশি আমডাঙ্গা খাল সংস্কার, ক্রস বাদ অপসারণ এবং নদী ড্রেজিংয়ের প্রয়োজন।