বিপ্লব হোসেন
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ও বিকেলে উপজেলার দুটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে সদর থানাধীন শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদাহ গ্রামে ইউনিয়ন পরিষদের সামনে একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে প্রাচীরের সঙ্গে ধাক্কা খায়। এ সময় রাস্তার উপর থাকা কুকুর হঠাৎ দৌড়ে আসায় চালক নিয়ন্ত্রণ হারান বলে জানা গেছে।
দুর্ঘটনায় আলমসাধুতে থাকা দর্শনা থানার ৬২ আড়িয়া গ্রামের মৃত তাইজুল ইসলামের স্ত্রী মোছা. আম্বিয়া খাতুন (৫০) মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় চালক শরিফুল ইসলাম (৪৫) ও অপর যাত্রী সিরাজুল ইসলাম (৬৫) আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, একই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ঘোড়ামারা ব্রিজের অদূরে তেল পাম্পের সামনে আরেকটি দুর্ঘটনায় পাওয়ার টিলার চালক নিহত হন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জাহাঙ্গীর আলম (৫০) নামের ওই চালক পাওয়ার টিলার চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
নিহত জাহাঙ্গীর আলম সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের টেংরা আলীর ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।