কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ০৭ (সাত) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ মারুফ ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ( ৬মে) রাতে নাগেশ্বরী পৌরসভার ০৫ নং ওয়ার্ডের ফুলবাড়ীগামী পাকা রাস্তার উত্তর পার্শ্বে একটি ইউক্যালিপটাস বাগান থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নাগেশ্বরী থানার এসআই (নি:) নিরঞ্জন রায় ও তার সঙ্গী ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচা করছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় উল্লিখিত স্থানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মারুফ ইসলামকে আটক করা হয়।
আটককৃত আসামির দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে বিশেষ কায়দায় মোড়ানো ৭ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২,১০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ৬,৯৬০ (ছয় হাজার নয়শত ষাট) টাকা এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মারুফ ইসলাম নাগেশ্বরী পৌরসভার সাতানী পাড়া এলাকার মো. আব্দুস সালামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে এসব মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
নাগেশ্বরী থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।