রাজারহাট উপজেলার নাজিমখাঁনে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পৃথক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির নাজিমখাঁন ইউনিয়ন শাখা এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানের প্রথম পর্বে নাজিমখান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক আসাদুজ্জামান আসাদ।
নাজিমখাঁন ইউনিয়ন কমিটির আহ্বায়ক আতাউর রহমান পাখির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা কমিটির উপদেষ্টা সদস্য আব্দুল খালেক জিহাদী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি দাদন প্রথা ও দুর্নীতির বিরুদ্ধেও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।
দ্বিতীয় পর্যায়ে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে আরেকটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম। এ সময় তিনি মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।