কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার সাবেক ০১ নং ওয়ার্ড কমিশনার মোঃ আশরাফুল আলম ইসরাইলের একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় জনমনে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
সম্প্রতি তিনি “শুকরের মাংসের পরে যদি কোনো মাংস হারাম হতো তাহলে গরুর মাংস হারাম হতো” এমন একটি মন্তব্য করেন, যা প্রকাশ্যে আসার পর থেকেই ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অনেকেই এই বক্তব্যকে বিভ্রান্তিকর ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অসংগত বলে আখ্যায়িত করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে উক্ত মন্তব্যের ব্যাখ্যা ও সংশোধনের দাবি উঠেছে। অনেকেই মনে করছেন, জনসম্মুখে দায়িত্বশীল অবস্থানে থাকা ব্যক্তিদের এমন বক্তব্য প্রদান করা উচিত নয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে এ বিষয়ে অসংখ্য পোস্ট ও মন্তব্য ছড়িয়ে পড়েছে, যেখানে নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। কেউ কেউ বিষয়টিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখছেন, আবার অনেকে এটিকে অজ্ঞতাজনিত মন্তব্য বলে উল্লেখ করছেন।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।