কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভায় সাবেক ১ নম্বর ওয়ার্ড কমিশনার মোঃ আশরাফুল আলম ইসমাইলের একটি বক্তব্যকে ঘিরে তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে। তার একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
সম্প্রতি তিনি বলেন, “শুকরের মাংসের পরে যদি কোনো মাংস হারাম হতো তাহলে গরুর মাংস হারাম হতো।” এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মন্তব্যটিকে বিভ্রান্তিকর এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অসংগত বলে উল্লেখ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিভিন্ন মহল থেকে তার বক্তব্যের ব্যাখ্যা ও সংশোধনের দাবি ওঠে। অনেকে মনে করেন, জনসম্মুখে দায়িত্বশীল অবস্থানে থাকা ব্যক্তিদের এমন মন্তব্য করা উচিত নয়, যা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য পোস্ট ও মন্তব্যে নেটিজেনরা তাদের ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ এটিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখছেন, আবার অনেকেই একে অজ্ঞতাজনিত মন্তব্য হিসেবে অভিহিত করছেন।
পরবর্তীতে সমালোচনার মুখে সাবেক এই ওয়ার্ড কমিশনার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে আল্লাহ ও সমগ্র মুসলিম উম্মাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকার আশ্বাস দেন।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো আলোচনা চলছে এবং অনেকেই দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।